দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ভিডিওতে গভীর রাতে শহরের দেয়ালে পোস্টার লাগাতে দেখা যায় টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
ভিডিওতে কালো টি-শার্ট, ধূসর জিন্স ও চোখে সানগ্লাস পরে সতর্কতার সঙ্গে পোস্টার লাগাতে দেখা যায় তাকে। কাজের ফাঁকে চারপাশে বারবার নজর রাখতেও দেখা যায় অভিনেতাকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও জল্পনার জন্ম হয়।
অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন প্রসেনজিৎ নিজেই। এক সাক্ষাৎকারে হাস্যরসের সুরে তিনি বলেন, “আমি একটা সিনেমা বানিয়েছি, আমার কাছে টাকা নেই। তাই একাই পোস্টার লাগাচ্ছিলাম। এত সমস্যা কোথায়, আমি বুঝতে পারছি না।”
তবে রহস্য সেখানেই শেষ হয়নি। ভিডিওতে আরও দেখা যায়, তিনি অভিনেত্রী ঐন্দ্রিলা সেন-কে ফোন করে বলছেন, “একটা কাজ করো। পোস্টারগুলো আজ রাত ৮টায় ছেড়ে দাও। এত প্রশ্নের উত্তর দিতে আমি আর পারছি না।”
যে পোস্টারটি তিনি লাগাচ্ছিলেন, তাতে লেখা ছিল অনেকদিন পর একটা ভালো বাংলা ছবি আসছে। এই একটি বাক্যই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে টলিউডে। যদিও কোন সিনেমার প্রচারণার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি অভিনেতা।
সিনেমাপ্রেমীদের একাংশ মনে করছেন, এটি প্রসেনজিতের নতুন কোনো ছবির প্রচারণার অভিনব কৌশল। আবার কেউ কেউ ধারণা করছেন, টলিউডের বড় কোনো প্রকল্পের আগাম বার্তা হতে পারে এই প্রচারাভিযান।
এদিকে চলতি বছরও ব্যস্ত ও সফল সময় পার করছেন প্রসেনজিৎ। সম্প্রতি মুক্তি পাওয়া বিজয়নগরের হীরে সিনেমায় ‘কাকাবাবু’ চরিত্রে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
সামনে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা অভিমান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্ত-কে।
ছবিটি প্রযোজনা করেছেন যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস। এটি তাদের প্রযোজনা প্রতিষ্ঠান হোয়াই সো সিরিয়াস-এর প্রথম প্রযোজনা। জানা গেছে, ‘অভিমান’ ছবিতে একজন রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ।
তবে রহস্যময় পোস্টার অভিযানের সঙ্গে ‘অভিমান’ কিংবা অন্য কোনো নতুন প্রকল্পের সম্পর্ক রয়েছে কি না, তা জানতে এখনো অপেক্ষা করতে হচ্ছে দর্শকদের।
জে আই